অপহরণের পর স্কুলছাত্রীকে গণধর্ষণ : তিন ধর্ষক গ্রেফতার


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৬ জুলাই ২০১৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় প্রকাশ্য দিবালোকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠায় পুলিশ। পরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃতরা হলো, বন্দরের কবিলের মোড় এলাকার রতন মিয়ার ছেলে তুষার (২২), একই এলাকার রফিকুল মিয়ার ছেলে সহিদ হোসেন মুন্না (১৯) এবং নবীগঞ্জ মাঠপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে রায়হান (১৮)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই দুপুরে নবীগঞ্জ এলাকার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) স্কুল শেষে বাড়ি ফেরার পথে বাগবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর বাগবাড়ি এলাকার একটি নির্জন হাউজিং প্রজেক্টে নিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়। পরে আহতাবস্থায় ওই স্কুলছাত্রীকে মদনগঞ্জ-মদনপুর সড়কের পাশে ফেলে যায় ধর্ষকরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হলে গত ২৫ জুলাই রাতে অভিযান চালিয়ে তিন ধর্ষককে গ্রেফতার করা হয়।

শাহাদাত হোসেন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।