সোনারগাঁয়ে আনসার ক্যাম্পে হামলা


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৬ জুলাই ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আনসার ক্যাম্পে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ক্যাম্পে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। হামলাকারীদের নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় দুই আনসার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মেঘনা টোল প্লাজায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সোনারগাঁ থানার ওসি ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেঘনা টোল প্লাজার আনসার ক্যাম্পের কমান্ডার মো. মুসলিম মিয়া জানান, মেঘনা টোল প্লাজার টোল ফাঁকি দিয়ে এলাকার কয়েকজন লেগুনাচালক নিয়মিত যাতায়াত করে। এ নিয়ে মঙ্গলবার বিকেলে আনসার সদস্য মেহেদী হাসানের সঙ্গে লেগুনা যাত্রী ইসলামপুর গ্রামের আলীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আনসার সদস্যের সঙ্গে যাত্রীদের হাতাহাতির ঘটনা ঘটে।

পরে সন্ধ্যার দিকে আলী ও নুরার নেতৃত্বে ৪০/৫০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে আনসার ক্যাম্পে হামলা চালায়। এসময় হামলাকারীরা ক্যাম্পে ইটপাটকেল নিক্ষেপ করে। হামলাকারীরা আনসার ক্যাম্পের আনসার কমান্ডার মো. মুসলিম মিয়া, সদস্য মানিককে পিটিয়ে আহত করে।

হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে তিন পথচারীও আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ করে দেয়।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আনসার বাহিনীর পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।  

শাহাদৎ হোসেন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।