শামীম ওসমানের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে : আইভী


প্রকাশিত: ১১:৪১ এএম, ২৭ জুলাই ২০১৬

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সুইস ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য ফাঁস করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
 
বুধবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষণা অনুষ্ঠান শেষে জনতার মুখোমুখি অনুষ্ঠানে মেয়র আইভী এসব কথা বলেন।

মেয়র আইভী বলেন, শামীম ওসমান বলেছেন গত সিটি কর্পোরেশন নির্বাচনে আমি ৫ মিলিয়ন ডলার খরচ করেছি। আর খালেদা জিয়ার সঙ্গে চুক্তি করেই নির্বাচনে বিজয়ী হয়ে মেয়র হয়েছি। কিন্তু আসলে ওই ৫ মিলিয়ন টাকার কথা যিনি বলেছেন তার কাছেই আছে। সুইস ব্যাংকে তারই (শামীম ওসমান) অ্যাকাউন্ট আছে, আমার কোনো অ্যাকাউন্ট নেই।

মিলিয়ন ডলার তার কাছেই আছে এক সময়ে নারায়ণগঞ্জবাসী তার কাছ থেকেই নিয়ে নেবে। শেখ হাসিনাকে ফেলে রাতের আঁধারে দেশ ছেড়ে কে পালিয়েছিল নারায়ণগঞ্জবাসী তা জানে।

আইভীর বিরুদ্ধে সম্প্রতি আওয়ামী লীগের নেতা-কর্মীরা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বিভিন্ন স্থানে বক্তব্য দিয়ে আসছেন। এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইভী বলেন, আমি এই শহরেই বেড়ে উঠেছি। আমার দাদা কৃষক ছিলেন, আমার বাবা নিজের জমি-জমা বিক্রি করে রাজনীতি করেছেন। আর গরিব মানুষের বন্ধু ছিলেন। আমি সেই গরিব মানুষের সন্তান। আমি কোনো রাজ পরিবারের সন্তান না, আমার কোটি কোটি টাকাও নেই যে জঙ্গি হবো, জঙ্গিবাদকে আশ্রয় দেবো। যাদের টাকা আছে তারাই জঙ্গিদের মদদ দিচ্ছে।
 
শাহাদাত হোসেন/এআরএ/এবিএস/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।