কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০২ আগস্ট ২০১৬

কুমিল্লায় লাইন সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ শ্রমিক। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল চাঁদপুরের কচুয়া উপজেলার বাড়িয়ারা গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের এক ঠিকাদারের তত্ত্বাবধানে আড়াইওড়া এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে পুরনো তার পরিবর্তন করে নতুন তার সংযোজন করার কাজ করছিল কিছু শ্রমিক। রাতে বিদ্যুৎ বিতরণ বিভাগ থেকে হঠাৎ করে ওই লাইনে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। এতে ওই লাইনে কর্মরত শ্রমিক জামাল, শরীফ, মাছুদ, ইমতাজ উদ্দিন, ইউসুফসহ ছয়জন গুরুতর আহত হন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানার জন্য ওই লাইনের ঠিকাদার শাহীদ ও মোরশেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

কামাল উদ্দিন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।