ছাত্রলীগ নেতা খালিদ হত্যার ঘটনায় ৬ শিক্ষার্থী রিমান্ডে


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৩ আগস্ট ২০১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ নিহতের ঘটনায় ৬ শিক্ষার্থীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সুমি তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির এসআই শাহ কামাল আকন্দ।

এদিকে, মামলার তদন্তকারী সংস্থার ডিবির একটি দল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ কুবি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলেন।

জানা যায়, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মার্কেটিং বিভাগ সপ্তম ব্যাচের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ নিহতের মামলায় বুধবার ছয়জনকে আদালতের হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত এক দিন করে রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ড প্রাপ্তরা হচ্ছে, গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও কুবি ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রেজাউল ইসলাম, ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাহিদুল আলম, লোকপ্রশাসন বিভাগ মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী আবুবকর ছিদ্দিক, বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী সুদীপ্তনাথ, বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কুবি ছাত্রলীগের সহ-সভাপতি রুপম চন্দ্র দেব নাথ এবং নৃ-বিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী সজন বরণ বিশ্বাস। এদের মধ্যে সজন চন্দ্র বিশ্বাস ও রুপম চন্দ্র দেবনাথ বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক ছাত্র এবং অন্যরা ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক ছাত্র।

সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, রিমান্ডপ্রাপ্তদের আগামী ২/১ দিনের মধ্যে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

কামাল উদ্দিন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।