গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড


প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৩ আগস্ট ২০১৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির আমবাগ পশ্চিমপাড়া এলাকায় আগুনে ৯টি ঝুটের গুদাম ও একটি বাড়ি পুড়ে গেছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুরের তিনটি ও কালিয়াকৈর স্টেশনের ২টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয়রা জানায়, রাত পৌনে ৮টার দিকে ওই এলাকার শরীফের ঝুটের গুদামে আগুন লাগে। এসময় এলাকাবাসী নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু মুহূর্তেই আগুন পাশাপাশি থাকা রাজ্জাক, মিরাজুল, দুদু মিয়া, কাজল, শাহজাহান, জুয়েল, হাসানুর ও আব্দুল্লাহর ঝুটের গুদামে এবং একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে গুদামগুলোতে থাকা বিপুল পরিমাণ ঝুট অন্যান্য মালামাল পুড়ে যায়। সন্ধ্যা থেকে ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় আগুন লাগার শুরুতেই স্থানীয়রা নিজস্ব ব্যবস্থায় আগুন নেভাতে পারেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও কালিয়াকৈর স্টেশনের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। রাত ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মো. আমিনুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।