ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের জঙ্গি বানানো হচ্ছে
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ উত্থানের জন্য বিএনপিই দায়ী। কারণ তারা যুদ্ধাপরাধীদের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছে। আর সেই মানবতাবিরোধী অপরাধীদের নেতৃত্বাধীন জামায়াত-শিবির তরুণদের ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের জঙ্গি বানাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত জঙ্গি ও মাদক বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশকে আবার পাকিস্তানের অংশ বানাতে চেয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মুছে দিয়ে একটি উগ্র মৌলবাদী রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু ঘাতকরা সফল হতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা গঠনে আমরা এগিয়ে যাচ্ছি।
গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও কালীগঞ্জ সার্কেলের এএসপি মো. সালেহ উদ্দিন আহমেদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গোলাম সবুর, উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও মো. মনিরুজ্জামান, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম-সম্পাদক এবিএম তারিকুল ইসলাম প্রমুখ।
আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর