কুবি ছাত্রলীগ নেতা হত্যায় বিপ্লব গ্রেফতার


প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৬ আগস্ট ২০১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর ঘাতক বিপ্লব চন্দ্র দাসকে (২৫) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার জেলা ডিবি পুলিশের একটি দল ঢাকার রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে আজ (শনিবার) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফাহাদ বিন আমিন চৌধুরীর ৯নং আমলী আদালতে তাকে সোপর্দ করা হয়।

এ সময় বিপ্লব আদালতে খালিদকে গুলি করে হত্যার দায় স্বীকার করে এবং জড়িতদের নাম উল্লেখসহ জবানবন্দী দেয়। গ্রেফতারকৃত বিপ্লব জেলার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের বাবুল চন্দ্র দাসের পুত্র এবং একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪র্থ ব্যাচের ছাত্র।

এদিকে খালিদ হত্যা মামলায় গ্রেফতারকৃত ছয়ছাত্রকে আদালতের নির্দেশে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিবি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছিল।
 
জানা যায়, শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালনের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের মার্কেটিং বিভাগের ছাত্র ও কবি নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ্।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা দেড়শ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। পরে মামলাটি জেলা ডিবিতে হস্তান্তর করা হয়। ওই মামলায় আবুবকর ছিদ্দিক, মো. রেজাউল ইসলাম, জাহিদুল আলম, সুদীপ্ত নাথ, রুপম চন্দ্র দেব নাথ, সজন বরণ বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬ ছাত্রকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
 

পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত গত বুধবার ওই ছাত্রদের প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর শেষে জেলহাজতে প্রেরণ করে। শনিবার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই মো. শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শুক্রবার ঢাকার রামপুরা এলাকা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪র্থ ব্যাচের ছাত্র বিপ্লব চন্দ্র দাসকে গ্রেফতার করে রাতে কুমিল্লা ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে তাকে শনিবার কুমিল্লার আদালতে হাজির করা হয়।
 
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম জানান, গ্রেফতারকৃত বিপ্লব হত্যার দায় স্বীকার করে ও ঘটনার সঙ্গে জড়িতদের নাম উল্লেখ করে আদালতে জবানবন্দী দিয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
মো. কামাল উদ্দিন/এএম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।