৭১’র পরাজিতরাই দেশে বিভিন্ন নামে জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, জঙ্গি, সন্ত্রাসী ও নাশকতাকারীরা দেশ ও জাতির শত্রু। ৭১ এর পরাজিত শক্তিরাই দেশেকে অস্থিতিশীল করতে বিভিন্ন নামে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা এখন বিএনপির আশ্রয়-প্রশ্রয় থেকে সাধারণ মানুষের ক্ষতি করছে।
রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, জামায়াত-শিবির দেশের স্বাধীনতা চায়নি। তারা দেশের শত্রু ও জাতির শত্রু। তারা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা গুলশান ও শোলাকিয়ায় হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে তারা ইসলাম ও মানবতার শত্রু। এসব সন্ত্রাসী তাদের মদদদাতাদের প্রতিরোধ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাছানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা নুর-উর রহমান মাহমুদ তানিম, মাসুদ পারভেজ খান ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা আখতার, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাড. আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা আলী হোসেন, আক্তার হোসেন পাটোয়ারী, চিত্ত রঞ্জন ভৌমিক, জিএম মীর হোসেন মীরু, ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, সৈয়দ আহাম্মদ খোকন, গোলাম ফারুক হেলাল, মোশারেফ হোসেন, ছাত্রলীগ নেতা লোকমান হোসেন রুবেল প্রমুখ।
সন্ধ্যায় উপজেলা সদরে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী এক মিছিল বের হয়। এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সকল স্তরের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে সরকারি অনুদানের চেক হস্তান্তর করেন।
কামাল উদ্দিন/এআরএ/এবিএস