কেশবপুরে সেফটিক ট্যাঙ্ক ভেঙে ৫ জনের মৃত্যু


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৮ আগস্ট ২০১৬

যশোরের কেশবপুরে নির্মাণাধীন সেফটিক ট্যাংক ভেঙে ও বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বরণডালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরণডালি গ্রামের আহাদ আলী (৪৫) ও তার ছেলে শফিকুল ইসলাম (২০) এবং তিন শ্রমিক বরণডালি গ্রামের কলিম শেখের ছেলে হাফিজ ইকবাল (২৫), মীর্জানগর গ্রামের আব্দুল জলিলের ছেলে আল-আমিন (২২) ও খলিলুর রহমানের ছেলে আব্দুল হামিদ (২৫)।

jeersor

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের ওজিয়ার মোড়লের বাড়ির টয়লেটের সেফটিক ট্যাংক নির্মাণ করা হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে তিনজন নির্মাণ শ্রমিক ওই নির্মাণাধীন সেফটিক ট্যাংকের বাঁশ খুলে ফেলার কাজ শুরু করে। এসময় সেফটিক ট্যাংকের অংশবিশেষ ভেঙে পড়ে। একই সঙ্গে ওই তিন শ্রমিক বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় আক্রান্ত হয়।

পরে তাদের উদ্ধার করতে প্রতিবেশী বরণডালি গ্রামের আহাদ আলী (৪৫) ও তার ছেলে শফিকুল ইসলাম (২০) সেফটিক ট্যাংকে প্রবেশ করেন। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে এলাকাবাসীর সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।    

মিলন রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।