পিটিআই সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০৯ আগস্ট ২০১৬

কুমিল্লায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) সুপারিনটেনডেন্ট রাইহুল করিমের বিরুদ্ধে এক প্রশিক্ষণার্থীকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে পিটিআইয়ের প্রশিক্ষণার্থীরা মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলসহ কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন। পরে দুই ঘণ্টা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর কালিয়াজুরি এলাকায় অবস্থিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) সুপারিনটেনডেন্ট পদে গত ২৭ জানুয়ারি যোগদান করেন রাইহুল করিম। এরপর থেকে ওই কর্মকর্তা অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও ইনস্টিটিউট প্রশিক্ষণার্থী নারীদের যৌন হয়রানি করে আসছেন বলে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।

Comilla

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি সালেহা আক্তার জানান, অবিলম্বে ওই কর্মকর্তাকে প্রত্যাহারসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

তবে অভিযুক্ত পিটিআই সুপারিনটেনডেন্ট রাইহুল করিম জানান, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, একজন প্রশিক্ষণার্থীর ভর্তি বাতিল করায় সকল প্রশিক্ষণার্থী ক্ষুব্ধ হয়ে এ ধরনের অভিযোগ তুলেছে।

Comilla

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।