গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২


প্রকাশিত: ১০:৪২ এএম, ২০ আগস্ট ২০১৬

গাজীপুর মহানগরের ঢাকা-বাইপাস সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পিকআপভ্যান চালক ও পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় ছিদ্দিকুর রহামান নামে একজন আহত হয়েছেন।

শনিবার গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মঞ্জুরুল ইসলাম(২৫) তিনি রংপুরের মিঠাপুকুর থানার উত্তর তাজপুর এলাকার ইউসুফ আলীর ছেলে এবং শরীয়তপুরের পালং থানার কুয়ারপুর এলাকার মৃত আব্দুল খালেক খানের ছেলে খাজা আহমেদ(৩৬)। এ ঘটনায় স্থানীয় হায়দরাবাদ এলাকার ছিদ্দিকুর রহামান নামে একজন আহত হন।  

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন খান জানান, শনিবার ভোরে পিকআপচালক মঞ্জুরুল ইসলাম পুবাইলের মীরেরবাজার এলাকা থেকে চান্দনা-চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা বাইপাস সড়কের মোগরখাল এলাকায় বিকল একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক মঞ্জু নিহত হন।  

এ সময় পিকআপে থাকা ছিদ্দিকুর রহামান আহত হন। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

অপর দিকে সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় হেলাল কমপ্লেক্সের সামনে সড়ক পারাপারের সময় মাস্ট্রেট ইন্টারন্যাশনাল গার্মেন্ট কারখানার শ্রমিক খাজা আহমেদকে একটি ট্রাক চাপা দেয়।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এসআই মো. আরিফ হোসেন খান জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।