বাংলাদেশ থেকে দক্ষ নির্মাণ শ্রমিক নেবে সৌদি কোম্পানি
বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক হাজার দক্ষ লোক নেবে সৌদি আরবের অন্যতম বৃহত্তম কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোম্পানি আল-বাওয়ানী গ্রুপ। বাংলাদেশ সেনাকল্যাণ সংস্থার মাধ্যমে সে দেশের বিল্ডিং কনস্ট্রাকশন কাজে নিয়োগের জন্য বিনা খরচে এবং উচ্চ বেতনে দীর্ঘমেয়াদী সময়ের জন্য চাকরির সুযোগ পাবে এসব দক্ষ শক্তি।
মঙ্গলবার গাজীপুরের শিমুলতলীস্থ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) পরিদর্শন শেষে লোকবল নিয়োগের এ ঘোষণা দেন সৌদি আল-বাওয়ানী গ্রুপের দুই সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল।
কোম্পানির জেনারেল ম্যানেজার ফাখার আব্দুল মায়িন আল শাওয়াফ এবং উপদেষ্টা আমেরিকান নাগরিক মি. জে.কেলভিন তিন দিনের সফরে গত ২২ আগস্ট বাংলাদেশে আসেন এবং তারা ২৪ আগস্ট পর্যন্ত অবস্থান করবেন। এসময় প্রতিনিধি দল সেনাসদর, অ্যাডজুটেন্ট জেনারেলের সঙ্গে সাক্ষাৎ এবং ১৭ ইসিবি পরিদর্শন করবেন।
প্রতিনিধি দলের সদস্যরা সকালে গাজীপুরের টিটিটিআই পরিদর্শনকালে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং ওয়ার্কিং ল্যাব ঘুরে দেখেন। তারা প্রশিক্ষণ কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং টিটিটিআই এর ভূয়সী প্রশংসা করেন। এসময় প্রশিক্ষণার্থীদের ইংরেজী ও আরবী ভাষায় সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
আল-বাওয়ানী গ্রুপের জেনারেল ম্যানেজার ফাখার আব্দুল মায়িন আল শাওয়াফ বলেন, সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে। অতীতেও বাংলাদেশিরা অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে সেখানকার উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যে সব কর্মীদের নিয়োগ দেয়া হবে, তারা বিনা খরচে সেখানে উচ্চ বেতনে দীর্ঘদিন কাজ করার সুযোগ পাবে।
প্রতিনিধি দলের পরিদর্শনকালে সেনাকল্যাণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকতা ব্রিগ্রেডিয়ার জেনারেল ফরিদ আহমেদ, কর্নেল জিল্লুর রহমান, টিটিটিআইয়ের প্রিন্সিপাল লে. কর্নেল (অব.)আছয়াদুর রহমান, ভাইস প্রিন্সিপাল মেজর (অব.) শ্যামলেন্দু কবিরাজ এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের বেকার লোকদের দক্ষকর্মী হিসেবে গড়ে তুলতে এবং দেশে-বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানটি প্রতি বছর দুই সেশনে ড্রাইভিং কাম অটোমেকানিক্স, অটোমোবাইল, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, মেশন অ্যান্ড রড বাইন্ডিং, ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং, জেনারেল ইলেক্ট্রনিক্স এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনসহ মোট ৮টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করছে।
এখানে বিশ্ব ব্যাংকের অনুদানে প্রতি কোর্সে ৩০০ জন গরীব ও মেধাবী প্রশিক্ষণার্থীকে বিনা বেতনে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং তাদের প্রতিমাসে ৭০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
আমিনুল ইসলাম/এআরএ/এবিএস