রাজশাহীর পাঁচ আসনে পৌঁছেছে ব্যালট পেপার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে ব্যালট পেপার উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলার ৫টি আসনের জন্য ৯টি উপজেলায় ব্যালটগুলো বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পাঠানো হয়।

প্রতিটি ব্যালট পরিবহনে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, আজকের মধ্যেই জেলার সব উপজেলায় পৌঁছে গেছে ব্যালট পেপার।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর ব্যালটগুলো নির্ধারিত স্ট্রোর রুমে সংরক্ষণ করা হবে। এরপর ১১ ফেব্রুয়ারি উপজেলা থেকে কেন্দ্রে ব্যালোটসহ ভোটগ্রহণের সরঞ্জাম পাঠানো হবে।

তবে রাজশাহী-২ সদর আসনের ব্যালট পেপার ১১ ফেব্রুয়ারি মাদরাসা মাঠ থেকে কেন্দ্রে পৌঁছানো হবে।

রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানান, ব্যালট পরিবহন ও সংরক্ষণ-পুরো প্রক্রিয়াতেই স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

উল্লেখ্য রাজশাহীর ছয়টি আসনে মোট ভোটার রয়েছেন ২২ লাখ ৬৯ হাজার। জাতীয় নির্বাচনের ব্যালটের সঙ্গে সমান সংখ্যক গণভোটের ব্যালটও উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।

সাখাওয়াত হোসেন/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।