সোনারগাঁয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১৬


প্রকাশিত: ১০:৫০ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

পূর্বশত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় বজলুল রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 
শনিবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের দৌলরদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বারদী ইউপির দৌলরদী গ্রামের আলী আকবর ও সোলেমান মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার রাতে আলী আকবরের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সোলেয়মানের বাড়িতে হামলা চালিয়ে জাহাঙ্গীর ও ফজলুল হকসহ পাঁচজনকে আহত করে।

এ ঘটনায় শুক্রবার রাতে সোলেমানের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার জেরে শনিবার সকালে সোলেমান হোসেনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলী আকবরের পরিবারের উপর হামলা চালায়।

এতে আলী আকবর, জসিম মিয়া, সিরাজউদ্দিন, শাহিদা, আক্তার হোসেন, আহম্মেদ আলী, সাখওয়াত মিয়াসহ ১০ জন আহত হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলী আকবর টেটাবিদ্ধ হন। সেই সঙ্গে জসিম মিয়ার হাত কেটে যায়।

এ ব্যাপারে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদেন জানান, জমি সংক্রান্তের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।