দেশের ৬৪ জেলায়ই স্পোর্টস ভিলেজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
বগুড়ায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

ট্যালেন্ট খেলোয়াড় খুঁজে বের করা এবং দেশের খেলাকে আরও বেশি সমৃদ্ধ ও গতিশীল করতে দেশের ৬৪ জেলাতেই স্পোর্টস ভিলেজ করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, তরুণ ও যুবসমাজকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বগুড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ধ্বংসের দ্বারপ্রান্তে যাওয়া সব ক্রীড়াঙ্গনকে রক্ষা করতে বদ্ধপরিকর। তাই তার দেওয়া নির্দেশনা ও পরামর্শ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়।’

তিনি বলেন, ‌‘অতীতে খেলোয়াড় জগতে যে ধরনের দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড হয়েছে, সেগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন চিন্তা-চেতনার মধ্যে থাকতে পারলে খেলার জগতে কেউ থাকতে পারবে, অন্যথায় এই জগতে তার ঠাঁই হবে না।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহীদ চান্দু স্টেডিয়াম একসময় আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হলেও শুধু উদ্দেশ্যপ্রণোদিতভাবে দীর্ঘ ১৭ বছর ধরে এখানে কোনো রকম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামটি আইসিসির স্ট্যান্ডার্ড অনুযায়ী করে পুনর্গঠন করার জন্য আমরা এখানে এসেছি। জাতীয় ক্রীড়া পরিষদ, মন্ত্রণালয় ও ক্রিকেট বোর্ড সবাই একমত হয়েছি, শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে অতিদ্রুত এখানে খেলা শুরু করা হবে।’

তিনি জানান, আগামী জুলাই মাসে চান্দু স্টেডিয়ামে প্রমিলা বিপিএল আয়োজনে সরকারের পরিকল্পনা রয়েছে। আইসিসির অনুমতি সাপেক্ষে বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ পুনরায় এই মাঠে ফিরিয়ে আনা হবে।

এর আগে প্রতিমন্ত্রী শহীদ চান্দু স্টেডিয়াম, সুইমিং পুলসহ আশপাশের মাঠ ঘুরে দেখেন। বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশরাফ হোসেন, ক্রীড়া পরিষদের বিভিন্ন পার্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও, বগুড়া পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।