শনিবার থেকে রাজশাহীর আট জেলায় হরতাল


প্রকাশিত: ১১:০৪ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

রাজশাহী বিভাগে এবার টানা ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

রাজশাহী মহানগর জামায়াতের কর্মী নুরুল ইসলামকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে এ হরতালের ডাক দেয়া হয়েছে।

চলমান অবরোধের পাশপাশি শনিবার সকাল ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় হরতাল পালন করবে জামায়াত।

বুধবার বিকেলে সংবাদ মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এ হরতালের ডাক দেয়া হয়। এছাড়া শুক্রবার বিভাগজুড়ে দোয়া দিবস পালনের ঘোষণা দেয়া হয় ওই বিবৃতিতে।

রাজশাহী মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, নুরুল ইসলাম শাহীন একজন কলেজ শিক্ষক, দেশের সম্মানিত নাগরিক। চাকরির পাশাপাশি প্রেসের ব্যবসায় নিয়জিত। এমন একজন নিরীহ সাধারণ কর্মীকে ক্রসফায়ারে হত্যাকরা দুঃখজনক। রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা না রাখা সত্ত্বেও তাকে কেন হত্যা করা হলো দেশবাসী আজ তা জানতে চায়।

নেতারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশসদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে কর্মসূচি সফল করতে আট জেলার সর্বস্তরে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

যুক্ত ওই বিবৃতি দেন, রগুড়া জোনের পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন, রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, টিম সালেকুর রহমান, রাজশাহী মহানগরী আমীর প্রফেসর আবুল হাশেম, জেলা পশ্চিমের আমীর মাওলানা আমিনুল ইসলাম, পূর্বের আমীর রেজাউর রহমান, নাটোর জেলা আমীর অধ্যাপক ইউনুস আলী, চাঁপাই নবাবগঞ্জ জেলা আমীর নজরুল ইসলাম ও নওগাঁ জেলা আমির আব্দুর রাকি।

পুলিশের ভাষ্য, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে নগরীর নলখোলা-আশরাফের মোড় এলাকায় অভিযানে গিয়ে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এসময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল ইসলাম শাহীন। পরে ওই এলাকা থেকে ১০টি ককটেল, ৫ রাউণ্ড গুলি ও একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। তবে এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

নিহত ওই জামায়াত নেতা বিনোদপুর এলাকার আব্দুর রহমান মুন্সির ছেলে। তিনি নগর জামায়াতের কর্মী। এর আগে তিনি নগরীর ৩০ নম্বর ওর্য়াড শাখার সাবেক সভাপতি ছিলেন। বিনোদপুর এলাকার ইসলামীয়া কলেজের ইসলামী শিক্ষা বিষয়ের প্রভাষক ছিলেন তিনি। নগরীর মালোপাড়া এলাকায় অবস্থিত পদ্মা অফসেট প্রেসের সত্বাধিকারিও তিনি।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।