চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩


প্রকাশিত: ০৫:০১ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিশন গ্রামের আলকাস আলীর ছেলে আসাদুল হক (২২), আয়েশ উদ্দীনের ছেলে আব্দুল বাশির (১৮) ও আজিজুল হকের ছেলে মনিরুল ইসলাম (১৬)। আজিজুল হকের ছেলে আব্দুল্লাহ (১৯) ও নিয়াজ উদ্দিনের ছেলে নবীউর রহমান (৩০) আহত হন।

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, সোমবার দিবাগত রাতে গোমস্তাপুরের মইশালা বিলে বিভিশন গ্রামের ১০ জেলে দুটি নৌকায় মাছ ধরতে যান।

রাত সাড়ে ১১টার দিকে আসাদুলের হাতে থাকা বাঁশের লগি বিদ্যুতের তারে লাগলে নৌকা বিদ্যুতায়িত হয়। এতে আসাদুল, বশির ও মনিরুল ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুজন আহত হয়ে নৌকা থেকে পড়ে যান। এসময় অন্য নৌকায় থাকা জেলেরা তাদের উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আব্দুল্লাহ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।