বরিশালে তিন সচিবসহ ১০ জনকে বেলা`র নোটিশ
বরিশাল নগরীর লাকুটিয়া খাল (রায়ের খাল) দখলদারদের হাত থেকে রক্ষা করতে ভূমি, পরিবেশ ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব এবং বিসিসি মেয়র, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
এছাড়া একই নোটিশ বরিশাল জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীর বরাবর রেজিস্ট্রি ডাক যোগে পাঠানো হয়েছে।
বুধবার বিকেলে বেলা’র বরিশাল শাখার কো-অর্ডিনেটর লিঙ্কন বায়েন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয় ।
নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রশাসনের ওই সংস্থাগুলো কি পদক্ষেপ গ্রহণ করেছে তা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিকে (বেলা) জানাতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় সংস্থাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরো উল্লেখ করা হয়, ২৫৮ জন ব্যক্তি ছোট-বড় স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছে লাকুটিয়া খালটি। এছাড়া কমপক্ষে ৭টি স্থানে বাধ দিয়ে মাছ চাষ করে পানি প্রবাহে বাধা গ্রস্থ করেছে।
এমএএস/আরআই