কুমিল্লায় খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৭:১৩ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লায় মাহবুবুল ইসলাম কালু (২৮) নামে মাছের খামারের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার সমুহারপাড় এলাকার খামার পাহারার একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহবুবুল ইসলাম কালু জেলার আদর্শ সদর উপজেলার দৈয়ারা গ্রামের আবদুল লতিফের ছেলে। কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় আরিফুল ইসলামের মালিকানাধীন মুরগি ও মাছের খামারের কর্মচারী ছিলেন মাহবুবুল ইসলাম কালু। খামারের মালিক প্রায় দুই মাস আগে মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এ সময় কালু ওই খামারের দায়িত্বে ছিলেন। সোমবার রাতে খামারের একটি ঘরে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।