পানিবন্দি ৩ লাখ মানুষের মানবেতর জীবনযাপন


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

যশোরের ভবদহ অঞ্চলের পানিবন্দি তিন লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। খাদ্য, আশ্রয় সংকটসহ জীবন ধারণের জন্য নূন্যতম প্রয়োজনও তাদের মিটছে না। এরই মধ্যে জলাবদ্ধ অঞ্চলের পানি নিষ্কাশনের কাজ চলছে ধীর গতিতে।

বুধবার দুপুরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী আন্দোলনের ৬টি সংগঠনের উদ্যোগে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান বক্তরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে এক সপ্তাহ আগে উভচর (এমফিভিয়েন) মেশিন দিয়ে কাজ শুরু হয়। কিন্তু পলি অপসারণ কাজের দৃশ্যমান কোন উন্নতি হয়নি। এতে পানিবন্দি প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগ বেড়েছে। জলাবদ্ধ এলাকায় অঞ্চলের পানি নিষ্কাশনে পলি অপসারণের জন্য মাত্র একটি স্কেভেটর মেশিন নামানো হয়েছে।

বক্তারা আরো বলেন, এভাবে কাজ করলে আগামী ছয় মাসেও পানি সরবে না। তাই উভয় পাশে আরো চারটি করে স্কেভেটর মেশিন নামিয়ে পলি অপসারণের দাবি জানিয়েছেন বক্তারা।

যশোর জেলা ওয়ার্কার্স পার্টি অফিসে এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ভবদহ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ভবদহ ও হরিহর নদীর অববাহিকায় মণিরামপুর, কেশবপুর, অভয়নগর ও সদর উপজেলার বিস্তুীর্ণ এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। দুর্নীতির উদ্দেশ্যে ভবদহ স্লুইচ গেট বন্ধ রেখে নদী খননের নামে প্রহসন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নদী আন্দোরনে ৬টি সংগঠনের নেতা অনিল বিশ্বাস, মুস্তাফা লুৎফুল্লাহ এমপি, আবু বক্কর সিদ্দিকী, কাওছার আলী, রণজিৎ বাওয়ালি, গাজী আবদুল হামিদ, জিল্লুর রহমান ভিটু, ইলাহদাদ খান প্রমুখ।

মিলন রহমান/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।