কুমিল্লায় আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
কুমিল্লায় সফিউল্লাহ (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বুধবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই গ্রামের রফিকুল ইসলাম ও আবদুল ওয়াদুদ নামে দুইজনকে আটক করা হয়েছে।
নিহত সফিউল্লাহ জেলার সদর দক্ষিণ উপজেলার শিবপুর গ্রামের হারুন অর রশীদের ছেলে এবং বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ও বারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সেলিম মিয়ার ভাতিজা।
এ বিষয়ে চেয়ারম্যান মো. সেলিম মিয়া জানান, বুধবার রাতে শিবপুর গ্রামের মোরশেদ ও জলিল পার্শ্ববর্তী বরুড়া উপজেলার এক ব্যক্তির টাকা ছিনতাই করে। ওই লোক বিষয়টি সফিউল্লাহকে জানানোর পর রাত সাড়ে ১০টার দিকে সফিউল্লাহ বিষয়টি সুরাহা করতে গেলে তার উপর হামলা চালানো হয়।
এক পর্যায়ে রফিক, মোরশেদসহ তাদের ৮/১০ জন সহযোগী তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, হত্যার নেপথ্যে কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
কামাল উদ্দিন/এফএ/এবিএস