সালামির নামে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এই চক্রটি সালামির নাম করে গাড়ি থামিয়ে টাকা আদায় করছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, কাঞ্চন পৌর এলাকার জুয়েল ও তার সহযোগীরা স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় প্রতি বছর বর্ষা মৌসুমে সার্কাস শিল্পে ব্যবহৃত বান্দরবানের হারবং মারমার মালিকানাধীন দুটি হাতিকে মাসিক ভাড়ায় রূপগঞ্জ নিয়ে আসে।
প্রতি মাসে বিশ হাজার টাকা ভাড়ার বিনিময়ে চাঁদাবাজরা হাতি দুটি পালা বদল করে ভাড়া নিয়ে নেয়। আর এ ভাড়ার টাকা তুলতে এ হাতি দুটি দিয়ে বিভিন্ন সড়ক মহাসড়কে চলাচলরত যানবাহন থামিয়ে জিম্মি করে চাঁদা করে।
মহাসড়কে চলাচলরত যানবাহন থামিয়ে সালাম করার নামে আদায় করা হয় ৫০ টাকা থেকে ১০০ টাকা। মাহুতের চাহিদা মতো টাকা না দেয়া হলে গাড়ির সামনে হাতি দাঁড় করিয়ে দীর্ঘক্ষণ গাড়ি আটকে রাখে মাহুত। এতে গাড়িতে থাকা যাত্রীরা হাতির ভয়ে ভীত হয়ে দ্রুত টাকা দিয়ে দেয়। সালামির নামে এ চাঁদার টাকা হাতি শুড় বাড়িয়ে নিয়ে মাহুতের কাছে দেয়।
বৃহস্পতিবার সকালে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে ( ৩০০ ফুট ) এ দৃশ্য দেখা যায়। এ সড়ক দিয়ে এয়ারপোট থেকে আসা প্রবাসী আব্দুল কাইয়ুম বলেন, ভাই আগে জানতাম মানুষ চাঁদাবাজি করে এখন হাতি চাঁদাবাজি করছে। এটা আবার কেমন চাঁদাবাজি।
এছাড়া রূপগঞ্জের বিনোদন পার্কে বেড়াতে আসা লোকজনও এ হাতির চাঁদাবাজি থেকে রক্ষা পাচ্ছে না। জিন্দা পার্কের ব্যবস্থাপনা পরিচালক তোবারক হোসেন কুসুম বলেন, জিন্দা পার্কে বেড়াতে আসা লোকজন হাতির চাঁদাবাজি থেকে রক্ষা পাচ্ছে না। এ ব্যাপারে আমরা থানা পুলিশকে জানিয়েছি।
নরসিংদী থেকে আসা পিকআপ চালক জসিম উদ্দিন বলেন, ভাই সবজি নিয়ে কারওয়ান বাজার যাব। রাস্তায় অনেক সংগঠনের নামে চাঁদা দিয়েছি। এটা আবার কোন সংগঠন তাতো জানি না।
মাহুত শাহীনুর রহমানের সঙ্গে কথা বলে জানা যায়, রূপগঞ্জের বিভিন্ন উপজেলার প্রভাবশালী শ্রমিক পরিবহন নেতা, আওয়ামী লীগ নেতাসহ একাধিক চক্র পালা বদল করে হাতি ভাড়া নেয়। এক এলাকায় এক মাসের বেশি অবস্থান করে না তারা। প্রতিদিনের আয় থেকে হাতির খাবার বাবদ কিছু রেখে সব জমা দিতে হয় ভাড়ার মালিককে।
হাতির মালিক জুয়েল মিয়া বলেন, এ ধরনের অভিযোগ সঠিক নয়। হাতি দিয়ে আমি চাঁদাবাজি করি না।
এ ব্যাপারে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, রূপগঞ্জে একটি চক্র বিনোদন কেন্দ্র ও মহাসড়কে হাতি দিয়ে চাঁদাবাজি করছে এমন খবর পেয়ে আমি এশিয়ান হাইওয়ে সড়কের গিয়ে এ চাঁদা তোলা বন্ধ করেছি।
মীর আব্দুল আলীম/এসএস/এবিএস