ইয়াবা বহনকারী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩


প্রকাশিত: ০৮:২১ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজারের উখিয়ার উপকূলীয় ইনানী এলাকায় ইয়াবা বহনকারী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে এক মটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ইনানী লাবেলা রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী জিয়াউদ্দিন (২৭) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উখিয়ার মনখালী এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।

বাকি দুইজনের মধ্যে একজন কাভার্ডভ্যান চালক এবং অপরজন নারী। তিনি ইয়াবা ব্যবসায়ী বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এই দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াবা বহনকারী কাভার্ড ভ্যানটিকে দুইজন মোটরসাইকেল, পেছন থেকে ধাওয়া করছিল। গাড়িটি বেপরোয়া ভাবে পালাতে চেষ্টা করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইনানীর লাবেলা রিসোর্টের দেয়ালে ধাক্কা দিলে ধাওয়াকারীদের একজনসহ তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারায়।

দুর্ঘটনার শিকার গাড়ি থেকে তিন হাজার ইয়াবা ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।
 
এলাকাবাসীর ধারণা, মোটরসাইকেল নিয়ে ধাওয়াকারীরা ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। নিহত মোটরসাইকেল আরোহীর সূত্র ধরে তদন্ত করলে আসল রহস্য বের হবে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খাইর তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হবে।  

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।