তানজিন তিশার চড় খেয়ে লাইভে এসে অভিনেত্রীর কান্না, প্রকাশ হলো সেই নাটক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৬ এপ্রিল ২০২৬
তানজিন তিশার চড় খেয়ে লাইভে এসে অভিনেত্রীর কান্না, এলো সেই নাটক

ঈদ উপলক্ষে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নাটক ‘পুতুলের বিয়ে’ অবশেষে ইউটিউবে মুক্তি পেয়েছে। নাটকটির শুটিং চলাকালে ঘটে যাওয়া এক ঘটনাকে ঘিরে আগে থেকেই তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ ওঠে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে।

এমনকি একপর্যায়ে লাইভে এসে কান্নাও করতে দেখা যায় তাকে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।

তবে সেই সময় তানজিন তিশা এবং নাটকের নির্মাতা রাফাত মজুমদার রিংকু দাবি করেন, সহশিল্পীকে তিশা আঘাত করেননি, যা কিছু করেছেন তা চরিত্রের সঙ্গে মিশে গিয়ে গল্পকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। কারণ ‘পুতুলের বিয়ে’ নাটকে তিশা অভিনয় করেছেন মানসিকভাবে অসুস্থ এক তরুণীর চরিত্রে। সেই চরিত্র বাস্তব করে তুলে ধরতেই সহশিল্পী আঘাত করেছেন, যা ছিল গল্পের একটি দৃশ্য।

‘পুতুলের বিয়ে’ নাটকে তিশা অভিনয় করেছেন মানসিকভাবে অসুস্থ এক তরুণীর চরিত্রে। চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতেই কিছু দৃশ্যে এমন তীব্রতা দেখানো হয়েছে বলে তাদের দাবি।

যদিও তখন অনেকেই এই ব্যাখ্যা মেনে নিতে পারেননি। তবে বিতর্কের জেরে নাটকটি নিয়ে দর্শকের কৌতূহল বেড়েই যায়। অবশেষে ইউটিউবে প্রকাশের পর নাটকটি দ্রুত ভিউ বাড়াচ্ছে এবং দর্শকের আগ্রহও চোখে পড়ার মতো।

নাটকটির গল্প লিখেছেন আহমেদ তাওকীর। এতে তানজিন তিশার পাশাপাশি অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মীর রাব্বি, সামিয়া অথৈ, মোমেনা চৌধুরী, মাসুদ মহিউদ্দিন ও মজুমদার শিমুল। নাটকটি প্রকাশ পেয়েছে ধুপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।