বিধবাকে গাছে বেঁধে নির্যাতন : গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জের ধরে এক বিধবাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের কর্মী সেলিম মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কোহিনুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার গ্রেফতার কোহিনুরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার গভীর রাতে জেলার বাঙ্গরা বাজার থানায় একটি মামলা করেন বি-চাপিতলা গ্রামের নির্যাতিত নারী সুফিয়া বেগম।

পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর জেলার মুরাদনগর উপজেলার বি-চাপিতলা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে গ্রামের মৃত মুতি মিয়ার স্ত্রী সুফিয়া বেগমকে একই গ্রামের আরশ মিয়ার ছেলে সেলিম ও জীবনসহ কয়েকজন মিলে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মোবাইল ফোনে ওই নির্যাতনের ছবি তুলে গ্রামের এক যুবক গত শুক্রবার ফেসবুকে আপলোড করলে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। শুক্রবার রাতে নির্যাতিত নারীকে উদ্ধার করে পুলিশ। পরে গভীর রাতে তিনি বাদী হয়ে স্থানীয় আওয়ামী লীগের কর্মী সেলিমসহ পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।

এ বিষয়ে বাঙ্গরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে ভিকটিমকে হোমনা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত কোহিনুর বেগমকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।