মারজানের গর্ভের সন্তানকেও বাঁচানো গেল না


প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬

সকালে স্বামী ও সন্তানকে হারানোর পর মারজান বেগমের জন্য দুপুরে এলো আরো বড় দুঃসংবাদ। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কারণে তার গর্ভের অনাগত সন্তানের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সিজারিয়ান পদ্ধতি বা অস্ত্রোপচারের মাধ্যমে
জন্ম হয় মৃত কন্যা সন্তানের।

জানা যায়, সকালে কুমিল্লার লাকসাম উপজেলার ছিলোনিয়া ব্রিজের নিকট নোয়াখালী থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়। ওই ঘটনায় নিহত আনোয়ারুল কবির সোহাগের স্ত্রী অন্তঃসত্ত্বা মারজান বেগম নিশুসহ আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা মারজান বেগম নিশুকে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে (কুমিল্লা মেডিক্যাল সেন্টার) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে সিজারের মাধ্যমে নিশু মৃত কন্যা সন্তানের জন্ম দেন।

হাসপাতালের গাইনি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দিলদার সুলতানা স্বপ্না জানান, ‘নিশুকে হাসপাতালে আনা হলে তার পেটে প্রচন্ড ব্যথা দেখা দেয়। এরপর তাকে পরীক্ষা করে অস্ত্রোপচার করার পর তিনি একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেন। তবে রোগীর অবস্থা এখন ভালো, তিনি আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।’

দুর্ঘটনায় নিশুর স্বামী আনোয়ারুল কবির সোহাগ, ছেলে সাহেদ আল মুন্তাকিম শাহীন নিহত হন। তাই স্বামী ও দুই সন্তানকে হারিয়ে শোকে নির্বাক হয়ে পড়েছেন মারজান বেগম নিশু।

কামাল উদ্দিন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।