কুমিল্লায় অস্ত্রসহ গ্রেফতার ৩
কুমিল্লায় জাতীয়তাবাদী ওলামা দলের স্থানীয় নেতা ও ব্যবসায়ী রকিকুল ইসলাম মুকুল হত্যা মামলার প্রধান আসামি আরিফসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এসময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি শুটারগান, দুটি এলজি বন্দুক, ১৩ রাউন্ড গুলি, একটি ব্যাগ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের গ্রেফতারসহ অস্ত্র-গুলি উদ্ধার করে।
বুধবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়া এসব তথ্য জানান।
জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের আবদুল হাকিম ও গফুর মেম্বারের মধ্যে স্থানীয় এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১৩ মে ভোরে ওই গ্রামের ইউনুস আলীর ছেলে এবং আদর্শ সদর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী রকিকুল ইসলাম মুকুলকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় ওই দিনই কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলাটি গত মঙ্গলবার জেলা ডিবিতে হস্তান্তর করা হয়। পরে মঙ্গলবার রাতেই ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ ও উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলামসহ ডিবি পুলিশের একটি দল মামলার প্রধান আসামি নোয়াপাড়া গ্রামের গফুর মেম্বারের ছেলে আরিফকে (৩৫) ময়নামতি এলাকা থেকে অস্ত্রভর্তি একটি ব্যাগসহ গ্রেফতার করে।
পরে তার দেয়া তথ্য মতে পুলিশ ফেনীর ফুলগাজী থানার মনতলা গ্রামের আবদুল মন্নানের ছেলে আবদুল গফুর ওরফে ফরহাদকে (৩৫) সদর দক্ষিণ উপজেলার চাঙ্গিনী গ্রামের ভাড়া বাসা থেকে এবং আদর্শ সদর উপজেলার বলরামপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মোহন মিয়াকে (৩৪) তার বাড়ি থেকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে মুকুল হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি পিস্তলসহ ২টি বিদেশি পিস্তল, ২টি শুটারগান, ২টি এলজি বন্দুক, ১৩ রাউন্ড গুলি, ১টি ব্যাগ ও ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বুধবার ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
বুধবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়া জানান, গ্রেফতার আরিফ চাঞ্চল্যকর মুকুল হত্যা মামলার প্রধান আসামি এবং তার বিরুদ্ধে ৩টি হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।
কামাল উদ্দিন/এফএ/পিআর