গৃহকর্মীকে নির্যাতন মামলায় তিনজন রিমান্ডে
চাঁদপুরের জান্নাতুল ফেরদৌসকে (৯) নির্যাতন মামলায় গাজীপুরে গ্রেফতার গৃহকর্তা স্বামী-স্ত্রীসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুরের আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গাজীপুরে শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গ্রেফতার গৃহকত্রী মনি বেগমে (৩২), তার স্বামী ওমর ফারুক (৪০) ও ওমর ফারুকের ভায়রা মোস্তফা সরদারকে (৫৫) ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল স্কুল শিক্ষিকা গৃহকর্ত্রী মনি বেগমের চার দিন এবং অন্য দুই জনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মোস্তফা সরদার (৫৫) শিশুটিকে মাসিক ৫০০ টাকা বেতনে গাজীপুর সিটি কর্পোরেশনের ভূরুলিয়া এলাকায় বাসিন্দা ও শাহজালাল বিমান বন্দরে লাগেজের ট্রলির ড্রাইভার ওমর ফারুকের বাড়িতে গৃহপরিচালিকা হিসেবে কাজে দেয়। বিভিন্ন সময় ওমর ফারুক-মনি বেগম দম্পতি ওই শিশুকে নির্যাতন করতো। ঈদে নতুন কাপড় চোপড় চাওয়া এবং বাড়ি যেতে চাওয়ায় শিশুটিকে হাত-পা বেঁধে অমানবিকভাবে নির্যাতন করা হয়।
এদিকে, গত ১৪ সেপ্টম্বর মোস্তফা সরদার হাইমচর বাংলাবাজার এলাকার শিশুটির বাড়ির পাশে শিশুটিকে ফেলে আসার সময় স্থানীয়রা মোস্তফাকে আটক করে এবং শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে শিশুটি তাদের জানায়, ওমর ফারুক দম্পতি বিভিন্ন সময় শিশুটিকে হাত-পা বেঁধে লোহার খুনতি গরম করে পিঠে পায়ে ছ্যাকা দেয়।
পরে পুলিশ অভিযান চালিয়ে ১৫ সেপ্টেম্বর ওমর ফারুককে গাজীপুরের ভূরুলিয়া এলাকা থেকে এবং ১৬ সেপ্টেম্বর ঢাকা বাড্ডা এলাকা থেকে গৃহকর্ত্রী মনি বেগমকে গ্রেফতার করে।
এ ঘটনায় শিশুটির প্রতিবেশী শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে ওমর ফারুক দম্পতি ও মোস্তাফাকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি