সরিষার তেলে খাসির মাংসের জাদু, রইলো রেসিপি
খাসির মাংসের স্বাদকে দ্বিগুণ করে তোলার এক সহজ এবং অনন্য উপায় হলো শর্ষের তেল ব্যবহার। সাধারণ মসলা আর তেলের চেয়ে সরিষার তেলে রান্না করলে মাংসের স্বাদে আসে এক স্বতন্ত্র, হালকা তীক্ষ্ণতা এবং সুগন্ধ, যা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করলে সত্যিই খাবারের স্বাদকে আরও উপভোগ্য করে তোলে। রইলো রেসিপি-
উপকরণ
- খাসির মাংস ১ কেজি
- লেবুর রস ২ চা-চামচ
- লবণ স্বাদমতো
- গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
- টক দই আধা কাপ
- আদাবাটা ১ টেবিল চামচ
- রসুনবাটা ২ চা-চামচ
- ধনে গুঁড়া ১ চা-চামচ
- জিরা গুঁড়া ১ চা-চামচ
- হলুদের গুঁড়া ১ চা-চামচ
- লাল মরিচের গুঁড়া ২ চা-চামচ
- টমেটো স্লাইস ১০০ গ্রাম
- সরিষার তেল পৌনে ১ কাপ
- পেঁয়াজকুচি ২০০ গ্রাম
- আস্ত গরমমসলা (তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ) প্রতিটা ৩–৪ টি করে
- পানি পরিমাণমতো
- চিনি ১ চা-চামচ
- গরমমসলার গুঁড়া ১ চা-চামচ
- কাঁচা মরিচ ৫-৬টি
- ধনেপাতাকুচি সামান্য
আরও পড়ুন:
- রুইয়ের মাথায় আলু চচ্চড়ি বানাবেন যেভাবে
- বিশেষ দিনে প্রিয়জনের জন্য বানাতে পারেন চকলেট মাফিন
- শীতের সবজিতে ভিন্ন স্বাদ, বাঁধাকপির কোপ্তা
যেভাবে তৈরি করবেন
প্রথমেই খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে লেবুর রস, লবণ ও গোলমরিচ দিয়ে ২০ মিনিট মাখিয়ে রাখুন। এরপর আবারও ধুয়ে নিন, এতে খাসিতে থাকা আশটে গন্ধ দূর হবে। এবার গরমমসলার গুঁড়া ছাড়া বাকি সব গুঁড়া মসলা, টক দই, বাটা মসলা, টমেটো, আধা কাপ শর্ষের তেল দিয়ে মাংস মাখিয়ে মেরিনেটের জন্য ১ ঘণ্টা রেখে দিন।
মাংস মেরিনেট হয়ে গেলে শুরু করুন রান্না। প্রথমে চুলায় পাতিল বসিয়ে তাতে তেল, পেঁয়াজকুচি ও আস্ত গরমমসলা দিয়ে ভাজুন হালকা বাদামি রং হওয়া পর্যন্ত। এরপর মেরিনেট করা মাংস দিয়ে ঢেকে রান্না করুন ২০ মিনিট। ভালোভাবে কষানো হলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে ৪০ মিনিট ঢেকে রান্না করুন। মাংসে সেদ্ধ হয়ে এলে তাতে সামান্য চিনি, কাঁচা মরিচ, গরমমসলার গুঁড়া, ধনেপাতা দিয়ে কম আঁচে ঢেকে ৫ মিনিট রান্না করুন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার খাসির মাংস।
জেএস/