ট্যাম্পাকো দুর্ঘটনা : আরো এক শ্রমিকের দেহাবশেষ উদ্ধার


প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬
ফাইল ছবি

ট্যাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসাবশেষ থেকে শনিবার দুপুরে অজ্ঞাত আরো এক শ্রমিকের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এনিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, টঙ্গীর বিসিক নগরীতে বিএনপির সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় গত ১০ সেপ্টেম্বর ভোরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই কারখানার বিশাল ভবনের অধিকাংশই ধসে পড়ে ধ্বংসস্তুূপে পরিণত হয়।

ওই ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন নিহত, ৪০ জন আহত ও ১১ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে শনাক্ত হয়েছে ২৯ জন এবং ৬ জনের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। নিখোঁজ ১১ জনের স্বজনদের কাছ থেকে ডিএনএ-এর আলামত নেয়া হয়েছে।

এদিকে ১৫তম দিনে সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে। সেনাবাহিনী ভারি যন্ত্রপাতি ব্যবহার করে ধসে যাওয়া ভবনের বর্জ্যগুলো অন্যত্র সরাচ্ছে।
 
অপরদিকে কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিক সাবেক সংসদ সদস্য মকবুল হেসেনকে প্রধান আসামি করে টঙ্গী মডেল থানায় এ পর্যন্ত দুটি হত্যা মামলা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর কারখানা মালিকসহ ৮ জনের বিরুদ্ধে প্রথম মামলাটি করেন নিহত শ্রমিক জুয়েলের বাবা আব্দুল কাদের।

পরে ১৭ সেপ্টেম্বর রাতে টঙ্গী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী বাদী হয়ে কারখানা মালিকসহ ১০ জনকে আসামি করে দ্বিতীয় মামলাটি করেন।

দুটি মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।