সৌদিতে নিহত আরিফের কুমিল্লার বাড়িতে শোকের মাতম


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

সৌদি আরবে দুর্ঘটনায় নিহত আরিফের কুমিল্লার মুরাদনগর উপজেলার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। শনিবার সৌদি আরবের দাম্মামে পানির ট্যাংকে কাজ করার সময় দুর্ঘটনায় আরিফসহ দুই বাংলাদেশির মৃত্যু হয়।

নিহত আরিফ কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে।

এদিকে তার মৃত্যুর খবর জানাজানি হলে কান্নায় ভেঙে পড়েন নিহতের বাবা-মা ও স্বজনরা। এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

জানা যায়, মুরাদনগর উপজেলার শ্রীপুর গ্রামের আরিফ (২৭) ওই পরিবারের পাঁচ ভাই-বোনের মধ্যে চতুর্থ। পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে তিনি প্রায় আট বছর আগে সৌদি আরবে যান। তার উপার্জনের টাকায় বাবা-মা, স্ত্রী রেহানা আক্তার ও এক বছরের সন্তানসহ আট সদস্যের পরিবার চলতো। আরিফের আকস্মিক মৃত্যুর খবরে পরিবারটি নিরুপায় হয়ে পড়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের দাম্মামে পানির ট্যাংকে কাজ করার সময় দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। এদের মধ্যে একজন কুমিল্লার আরিফ এবং অপরজন ব্রাহ্মণবাড়িয়া জেলার কামাল।

কামাল উদ্দিন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।