জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার সাইনবোর্ড লাগিয়ে ছিলেন : শিল্পমন্ত্রী


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৮ অক্টোবর ২০১৬

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার সাইনবোর্ড লাগিয়ে ছিলেন। তিনি কোনো যুদ্ধ ক্ষেত্রে না গিয়ে পাকিস্তানিদের দালাল হিসেবে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনুপ্রবেশ করেছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে সংযুক্ত হয়ে এই দেশকে পাকিস্তানি কাঠামোতে নিয়ে যেতে চেয়েছিলেন।

শনিবার বেলা ১টায় ঝালকাঠি সদর উপজেলার শেকেরহাট ইউনিয়নে ৩ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যাবিশিষ্ট আব্দুল খালেক খান মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন শেষে আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, এই দেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ ছিল না। তথাকথিত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এই দেশের সাম্প্রদায়িকতার রাজনীতি শুরু করেন। গোলাম আযমের নাগরিকত্ব না থাকা সত্ত্বেও তাকে দেশে এনে রাজনীতি করার সুযোগ দেন। এভাবে মুক্তিযোদ্ধাবিরোধী শক্তিদের পৃষ্ঠপোষকতা দিয়ে প্রতিষ্ঠিত করেন।

বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক উন্নয় হয়েছে দাবি করে শিল্পমন্ত্রী বলেন, কমিউনিটি করার মাধ্যমে গ্রামের মানুষ আজ ভালোমানের স্বাস্থ্যসেবা পাচ্ছেন। মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসানুল কবির আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহ মোহাম্মদ হান্নান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেখেরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমিন খান সুরুজ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজালুন হক চৌধূরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, খান আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার প্রমুখ।

আতিকুর রহমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।