ব্যবসার কাজে এসেছিলেন ঢাকায়, হোটেলে মিললো যুবকের মরদেহ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১১ মার্চ ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/ফাইল ছবি

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ ফয়সাল গনি (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বড় মগবাজারের তিন তারা আবাসিক হোটেলের ২২৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফয়সাল গনি ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার আদর্শ আনন্দলিয়া গ্রামের ওসমান গনির ছেলে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে তারা হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পরে খাটের ওপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন তারা। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হোটেলের স্টাফরা জানিয়েছেন ওই যুবক ব্যবসায়িক কাজে ঢাকায় এসেছিলেন। ৮ মার্চ হোটেলের ২২৪ নং কক্ষটি ভাড়া নেন তিনি। সকালে হোটেল কর্তৃপক্ষ রুমের বকেয়া ভাড়া আদায়ের জন্য রুমের সামনে গিয়ে অনেক ডাকাডাকি করেন। পরে তারা কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়।

ওসি আরও জানান, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন ওই যুবকের হাঁপানি ও শ্বাসকষ্ট ছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

কাজী আল-আমিন/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।