গাজীপুরে নিহত সব জঙ্গির পরিচয় এখনো মেলেনি


প্রকাশিত: ০৬:০৪ এএম, ০৯ অক্টোবর ২০১৬

গাজীপুরের হাঁড়িনাল ও পাতারটেকে জঙ্গিবিরোধী পৃথক অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে এখন পর্যন্ত তিনজনের নাম জানা গেছে। এছাড়া গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হবে বলেও জানা গেছে।

তবে এ ঘটনায় রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

র‌্যাব জানিয়েছে, হাঁড়িনালে তাদের অভিযানে নিহত দুজন হলেন মো. রাশেদ মিয়া ও তৌহিদুল ইসলাম। তারা এই নাম বাড়ির মালিকের কাছ থেকে পেয়েছেন। তবে এটা প্রকৃত নাম কিনা, সে বিষয়ে তারা নিশ্চিত নয়।

এদিকে পুলিশ জানায়, পাতারটেকে তাদের অভিযানে নিহত সাতজনের মধ্যে একজন ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাত। তিনি নব্য জেএমবির ঢাকা বিভাগের আঞ্চলিক কমান্ডার ছিলেন।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, মরদেহ নয়টি উদ্ধার করে গতকালই গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হবে। সেখানে মরদেহের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, নিহত সব জঙ্গির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, শনিবার গাজীপুর সিটি করপোরেশন এলাকার হাঁড়িনাল ও পাতারটেকে জঙ্গিবিরোধী পৃথক অভিযান চলে। এসময় হাঁড়িনালে দুই ও পাতারটেকে সাত সন্দেহভাজন জঙ্গি নিহত হয়।

আমিনুল ইসলাম/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।