গাজীপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ


প্রকাশিত: ০৭:১৯ এএম, ১০ অক্টোবর ২০১৬

গাজীপুরে একটি কবরস্থান থেকে ৬-৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের ৯ নং ওয়ার্ডে আমানিয়া কবরস্থানে এ ঘটনা ঘটে।

পিরুজালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য ডা. মো. মতিউর রহমান জানান, রোববার দিবাগত রাতের কোনো এক সময় চোরেরা ওই কবরস্থান থেকে ৬-৭টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

সোমবার সকালে স্থানীয়রা ওই কবরস্থান এলাকার পার্শ্ব দিয়ে যাওয়ার সময় কবরস্থানের বিভিন্ন কবরের মাটি এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা কবরগুলোর পাশে গিয়ে বাঁশের লাঠি দিয়ে খুঁচিয়ে দেখতে পান ৬-৭টি কবরের কঙ্কাল নেই। খবর পেয়ে আশপাশের এলাকার লোকজন ওই কবরস্থান এলাকায় এসে জড়ো হন।

এ ব্যাপারে জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. নাজমুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আমিনুল ইসলাম/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।