ঢামেকের পথে গাজীপুরে নিহত ৯ জঙ্গির মরদেহ
গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়াগাঁও পাতারটেক ও হাড়িনাল পশ্চিমপাড়া এলাকায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে নিহত ৯ জঙ্গির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
সোমবার বিকেল পৌনে ৫টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে তিনটি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো পাঠানো হয়।
জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা বলেন, পৃথক অভিযানে নিহত ৯ জঙ্গির মরদেহ ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে মরদেহগুলো হিমঘরে রাখা হবে।
গত শনিবার সিটি কর্পোরেশনের নেয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশ, সোয়াত ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের যৌথ অভিযানে সাত জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে নব্য জেএমবির ঢাকা বিভাগের অপারেশন কামান্ডার আকাশের পরিচয় পাওয়া গেলে অপর ছয় জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া একই দিন (শনিবার) হাড়িনাল পশ্চিমপাড়া লেবু বাগান এলাকায় আতাউর রহমানের বাড়িতে র্যাবের অভিযানে নিহত দুইজনের নাম তৌহিদুল ও রাশেদুল বলে র্যাব জানায়। তাদের বাড়ি নরসিংদী বলে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ শনিবার সাংবাদিকদের ব্রিফিংকালে জানিয়েছিলেন।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি