জঙ্গিরা অশুরের মতোই, এদের প্রতিহত করতে হবে


প্রকাশিত: ০৬:০৩ এএম, ১১ অক্টোবর ২০১৬

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, অশুর হচ্ছে অন্যায়ের প্রতীক। তাদের প্রতিহত করতে হবে। যে জঙ্গি ধর্মের নামে নানা ধরনের অপব্যাখ্যা দেয় তারা অশুরের মতোই। আর তাই এই অন্যায়ের প্রতীক অশুরদের প্রতিহত করে যা সুন্দর ও স্বাভাবিক তার পূজা করতে হবে।

সোমবার রাতে গাজীপুরের কালীগঞ্জে মুনসুরপুর মনসাতলা পূজা মণ্ডপে আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে মন্দির পরিচালনা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রতিটি পূজা মণ্ডপে আনন্দ দেখে মনে হচ্ছে এই আনন্দ শুধু হিন্দু সম্প্রদায়ের নয়। এ আনন্দ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের। সব কিছুর ঊর্ধ্বে মানব ধর্ম। মানুষের উপরে বড় কিছু নাই। এটাই মনে রাখতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, মা দুর্গা একজন নারীর প্রতীক। আর এই নারীর প্রতীক দুর্গাকে পূজা করা হয়। দুর্গাকে পূজা করবেন আর ঘরের মা-বোনদেন নির্যাতন করবেন এটা ঠিক না।    

মুনসুরপুর মনসাতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি পংকজ কুমার নাগ নন্দর সভাপতিত্বে ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামাল উদ্দিন দেওয়ান।

শ্রম বিষয়ক সম্পাদক মো. নুরুল আমিন খন্দকার, সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম, শরীফ হাসান খান ববি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফউজ্জামানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আব্দুর রহমান আরমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।