গাজীপুর জেলা আ.লীগের কমিটি নিয়ে ধূম্রজাল


প্রকাশিত: ০১:০৬ পিএম, ১১ অক্টোবর ২০১৬

গাজীপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন নিয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক কৌতূহল ও ধূম্রজাল সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে গাজীপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি হচ্ছে- এমন খবরে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলে আসছিল।

সভাপতি পদে কোনো পরিবর্তন আসছে না-বিষয়টি অনুমেয়ই ছিল। তবে উৎসাহ ছিল সাধারণ সম্পাদক পদ নিয়ে। ওই পদে নতুন কে আসছেন- তা নিয়ে সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ছিল কানাঘুষা।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজকে মনোনীত করা হয়েছে- এমন খবর মঙ্গলবার সকাল থেকে জেলায় বিভিন্ন জনের কাছে শোনা যায় এবং ফেসবুকে বিষয়টি ভাইরাল হয়। তবে বিষয়টি অনেকটাই গুজব বলে অপর পক্ষের নেতাকর্মীরা উড়িয়ে দেন।

সূত্র জানায়, গাজীপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন নিয়ে ঢাকায় উচ্চ পর্যায়ে একটি সভা হয়েছে। সে সভায় কি সিদ্ধান্ত হয়েছে তা জানা যায়নি।

সূত্র আরো জানায়, ১৫ অক্টোবর গাজীপুর জেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হবে। সেখানে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হতে পারে।

গাজীপুরের স্থানীয় নেতাকর্মীরা জানান, ইকবাল হোসেন সবুজ দলের খুবই ত্যাগী নেতা হিসেবে সবার কাছে সমানভাবে পরিচিত। দলের নেতাকর্মীদের দুঃসময়ে তাকে সব সময় কাছে পাওয়া যায়। এমনকি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দলের নেত্রী শেখ হাসিনাকে কারাবন্দি করার সময়েও মাঠে ছিলেন সবুজ। নেত্রীর মুক্তির দাবিতে গাজীপুরের রাজপথে নেতাকর্মীদের নিয়ে আন্দোলনে সরব ছিলেন তিনি।

এ ব্যাপারে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আজমত উল্লাহ খান জানান, জেলা আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক পদে নতুন কেউ মনোনীত হয়েছেন এমন কোনো সিদ্ধান্ত তিনি দলীয়ভাবে পাননি।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল জানান, তিনি ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে খোঁজ খবর নিয়েছেন। নতুন সাধারণ সম্পাদক মনোনয়ন দেয়ার কোনো কথা কেন্দ্রীয় নেতারা কাছ থেকে জানতে পারেননি।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।