বিআরটিএর সহকারী পরিচালক গ্রেফতার


প্রকাশিত: ০২:৩৬ এএম, ১৮ অক্টোবর ২০১৬

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো. আব্দুল হান্নানকে সোমবার গ্রেফতার করা হয়েছে।

মানিকগঞ্জ মডেল থানায় করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গাজীপুরের কার্যালয় থেকে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার হান্নান পাবনার গোপালপুর গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে ৪৩ নম্বর বাড়িতে সপরিবারে বসবাস করেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, বিআরটিএর মানিকগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক হিসেবে কর্মরত থাকা অবস্থায় প্রকৌশলী আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার করে।

অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে ২০০৯ সালের ১৮ জানুযারি থেকে ২০১১ সালের ৩ এপ্রিল পর্যন্ত ঢাকা মেট্রো সার্কেল-২ বিআরটিএ ইকুরিয়া কেরানীগঞ্জ, ঢাকাতে মিথ্যাভাবে রেজিস্ট্রেশন ও ছাড়পত্র দেখিয়ে ১৮টি গাড়ি বিআরটিএ মানিকগঞ্জ সার্কেলের অন্তর্ভুক্ত করার অপরাধে হান্নানের বিরুদ্ধে মানিকগঞ্জ মডেল থানায় সোমবার একটি মামলা হয়।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো.আব্দুস সালাম আলী মোল্লা ওই মামলাটি করেন। পরে সোমবার বিকেল ৪টার দিকে গাজীপুর সার্কেলের কার্যালয় থেকে হান্নানকে গ্রেফতার করা হয়।

পরে তাকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস রহমানের আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।