বেনাপোল নোম্যান্সল্যান্ডে যৌথ ব্যান্ড ডিসপ্লে
বিজিবি ও বিএসএফের যৌথ উদ্যোগে যশোরের বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকায় জয়েন্ট ব্যান্ড ডিসপ্লে প্রদর্শিত হয়েছে। সোমবার বিকেলে এই যৌথ ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিজিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খলিলুর রহমান ও বিএসএফের আইজি শ্রী অঞ্জন সাহা। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শিল্পীরা সংগীত ও নৃত্য প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর একটি সুসজ্জিত প্যারেড দল দুই দেশের জাতীয় পতাকা নামান।
উভয় দেশের বিজিবি ও বিএসএফের কর্মকর্তা এবং অতিথিদের নিয়ে এ অনুষ্ঠান শুরু হয় বেলা ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত। ভারত-বাংলাদেশের ২৫ জন সাংবাদিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ নেন। দুই দেশের শত শত দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে আরো উপস্থিত ছিলেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান, ২১-বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল আরিফুর রহমান, ২৬-বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসন, ৩৪-বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরমান হোসেন, আর আইভি সেক্টর কমান্ডার লে.কর্নেল খবির হোসেন প্রমুখ।
অপরদিকে, বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন কলকাতার জিআইজি আরপিএস জিসওয়াল, ৬৪-বিএসএফর কমান্ডিং অফিসার কর্নেল শ্রী মনোরঞ্জন, কর্নেল এসকে শর্মা, ডিসি মোহন সিং প্রমুখ।
যশোর-২৬ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, দুই দেশের বন্ধুত্ব ভ্রাতৃত্ব সৌহার্দ্য এবং সীমান্ত চোরাচালান মানবপাচার রোধে ভারতের বিএসএফ এর সঙ্গে বাংলাদেশের বিজিবির এই অনুষ্ঠান।
তিনি বলেন, বিজিবি ও বিএসএফ সীমান্তে এক সঙ্গে ইতিমধ্যে যৌথ টহল শুরু হয়েছে। এতে করে মাদক অস্ত্র এবং মানবপাচার রোধ পাবে।
জামাল হোসেন/এআরএ/পিআর