৩০ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২৬ অক্টোবর ২০১৬

জ্বালানি পরিবহনে কমিশন ও ট্যাঙ্ক লরির ভাড়া বাড়ানোসহ ১২ দফা দাবিতে ৩০ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘট সফল করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জের পদ্মা ও মেঘনা তেল ডিপোতে পৃথকভাবে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেছে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তেল ডিপোর সামনে ১২ দফা দাবি না মানলে ৩০ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে ঘোষণা দেন বক্তারা।

বুধবার সকাল ৭টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত পদ্মা তেল ডিপোর প্রধান ফটকের সামনে বাংলাদেশ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা শাখার সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন পদ্মা ডিপো শাখার সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি।

ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওনার্স অ্যাসোসিয়েশন সহ-সভাপতি মো. সাইজউদ্দিন মাদবর, সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক হাজী মো. ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধান, মো. মনির হোসেন, আক্তারুজ্জামান বাবু, নুরুল হক প্রধান, আবুল হোসেন, জাকির হোসেন ভূইয়া ও ইয়ার হোসেন ভূইয়া প্রমুখ।

এদিকে, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসওরোড এলাকায় অবস্থিত মেঘনা তেল ডিপোর প্রধান ফটকের সামনে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন মেঘনা ডিপো শাখার সাধারণ সম্পাদক আমানুল হক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন মেঘনা ডিপো শাখার সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি।

আরো বক্তব্য রাখেন-ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন, জাকির হোসেন, জজ মিয়া, মজু মেম্বার, আবুল কালাম, মহিউদ্দিন সানী, মালিক সমিতি নেতা সালাহউদ্দিন মাহাজন, আব্দুল মজিদ, আব্দুল আউয়াল প্রমুখ।

বক্তারা বলেন, ‘কমিশন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। বার বার কথা দিয়েও সরকার তাদের দাবি মানছে না। কিন্তু দাবি মানা বা এ বিষয়ে আলোচনার জন্য সরকারের পক্ষ কোনো প্রস্তাব না আসায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছেন।

বক্তারা বলেন, সরকারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। আমরা সরকারের উন্নয়নের অংশীদার। এ সময় আগামী ৩০ অক্টোবর থেকে সারাদেশে একযোগে ট্যাঙ্ক লরির মাধ্যমে ডিপো থেকে জ্বালানি সরবরাহ লাগাতার বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

হোসেন চিশতী সিপলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।