প্রার্থীদের সমর্থক দিচ্ছেন ভোটারদের রিকশা সুবিধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩১ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
কেন্দ্রের আশেপাশে রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকরাও ভোটারদের রিকশা পেতে সহায়তা করছেন, ছবি: জাগো নিউজ

পুরান ঢাকার হাজী আব্দুল মজিদ লেনের ভোটারদের সুবিধার্থে নির্বাচনে অংশ নেওয়া ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থীর সমর্থকেরা ৫টি রিকশার ব্যবস্থা করেছেন। ভোটের দিনে অনেক ভোটার এই রিকশার মাধ্যমে কেন্দ্রে পৌঁছাচ্ছেন। ভোট শেষে আবার রিকশায় করে বাসায় ফিরছেন। কেন্দ্রের আশেপাশে রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকরাও ভোটারদের রিকশা পেতে সহায়তা করছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুলের সামনে এমন দৃশ্য দেখে যায়।

বিষয়টি নিয়ে রোকনপুর এলাকার ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন জাগো নিউজকে বলেন, বিশেষ করে বয়স্ক ও নারী ভোটারদের সুবিধার জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি। ভোটের দিনে রিকশার সংখ্যা কম থাকে, তাই এলাকার মানুষের সুবিধার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আমরা সারাদিনের জন্য রিকশা চালক নিয়োগ দিয়েছি। সকাল-বিকেলে নাস্তা, দুপুরে খাবার এবং পুরো দিনের ভাড়া আমরা বহন করছি। ভোট প্রদান শেষে যতক্ষণ ভোটাররা থাকবেন, সেবাটি চলবে।

একই ধরনের রিকশা সেবা জামায়াতে ইসলামী কর্মী-সমর্থকরাও দিচ্ছেন। কিছুক্ষণ পরপর প্রধান সড়ক ধরে ব্যানার ও পোস্টার লাগো রিকশাগুলো কেন্দ্রের সামনে ভোটারদের নামিয়ে দিয়ে, ভোট দেওয়া ব্যক্তিদের নিয়ে চলে যাচ্ছে।

প্রার্থীদের সমর্থক দিচ্ছেন ভোটারদের রিকশা সুবিধা

রিকশা সেবা পেয়ে ভোটার মনসুর আলম বলেন, সঙ্গে আমার স্ত্রী ও মা ছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রিকশা পাওয়া যাচ্ছিল না। মায়ের বয়স হওয়ায় হেঁটে আসা কষ্টকর হতো। পরে প্রার্থীদের এই উদ্যোগ দেখে ভালো লাগলো। অন্যান্য সময়েও পুরান ঢাকায় এই ধারাবাহিকতা থাকে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন। প্রদানকৃত পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্যদিকে সাধারণ ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা করা হবে।

এই আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. আক্তার হোসেন হারিকেন প্রতীকে, গণফ্রন্টের প্রার্থী আহমেদ আলী শেখ মাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইউনুস আলী আকন্দ ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এমডিএএ/জেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।