অপহরণের ৭দিন পরও খোঁজ মেলেনি মাদরাসাছাত্রীর
কুমিল্লায় অপহরণের ৭দিন পার হলেও মরিয়ম আক্তার (১৫) নামের এক মাদরাসাছাত্রীর খোঁজ মেলেনি। এখনো তার সন্ধান পায়নি পুলিশ। এ ঘটনায় মাদরাসাছাত্রীর বাবা আব্দুল জলিল বাদী হয়ে প্রথমে থানায় সাধারণ ডায়েরি এবং পরে মামলা দায়ের করলেও ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
এদিকে ওই ছাত্রীর বাবার বিরুদ্ধে উল্টো অভিযোগ এনে মামলা তুলে নিতে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র ও থানায় অভিযোগ থেকে জানা যায়, জেলার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামের আব্দুল জলিলের মেয়ে মরিয়ম আক্তার স্থানীয় বদরপুর মাদরাসায় দশম শ্রেণিতে পড়ে।
গত ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে মাদরাসা যাওয়ার পথে একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় সে চিৎকার করলেও সন্ত্রাসীরা সংখ্যায় বেশি হওয়ায় আশপাশের লোকজন এগিয়ে আসেনি।
অপহৃতের বাবা আব্দুল জলিল অভিযোগ করে বলেন, আর্থিক বিরোধের জের ধরে একই গ্রামের বেশ কিছু লোকের সঙ্গে তার বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে মাইজখার গ্রামের মাওলানা আবুল হাশেমের ছেলে মাসুম বিল্লাহ একই গ্রামের জসিম মঈশান, শাহীন মঈশান, আবুল কাশেম, আবুল মিয়া, মাইক্রোবাসের ড্রাইভার মিলন মিয়াসহ একদল সন্ত্রাসী তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
তিনি বলেন, ঘটনার পর থানায় জিডি এবং পরে নিয়মিত মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ আমার মেয়েকে উদ্ধার ও অপরাধী চক্রকে আটক করতে কোন পদক্ষেপ নিচ্ছে না। অপহরণকারীরা প্রভাবশালী হওয়ায় কৌশলে পুলিশ তাদের পক্ষেই কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার বিকেলে মুঠোফোনে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মো. কামাল উদ্দিন/এএম/এমএস