কুমিল্লায় আরো দুইটি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ১১:৩২ এএম, ২৯ অক্টোবর ২০১৬

কুমিল্লায় গ্যাস চুরির অভিযোগে আরো দুইটি সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শনিবার দুপুরে স্টেশন দুইটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণের তামজিদ এবং চৌদ্দগ্রামের মিয়াবাজার সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন ও মিটার কর্তন করে বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন যাবৎ তামজিদ এবং মিয়াবাজার সিএনজি স্টেশন কর্তৃক বাখরাবাদ গ্যাস পাইপলাইন থেকে মিটার টেম্পারিং করে গ্যাস চুরি করে আসছিল। শনিবার দুপুরে বাখরাবাদ গ্যাসের ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. ইউসুফ আলীর নেতৃত্বে ভিজিল্যান্স টিমের সদস্যরা ওই দুইটি সিএনজি স্টেশনে গ্যাস চুরির বিষয়টি নিশ্চিত হয়ে সংযোগ বিচ্ছিন্ন ও মিটার কর্তন করে।

বাখরাবাদ গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাঈমুল করিম খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, গত এক মাসে অভিযান চালিয়ে গ্যাস চুরির অভিযোগে শনিবার পর্যন্ত ১৫টি সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খাঁন জানান, সিএনজি স্টেশনে গ্যাস চুরির প্রতিরোধে ও সরকারি রাজস্ব আয় বৃদ্ধির স্বার্থে অভিযান অব্যাহত রাখা হবে।  

কামাল উদ্দিন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।