গাজীপুরে অস্ত্র-বোমাসহ পাঁচ জঙ্গি গ্রেফতার


প্রকাশিত: ০৭:০৩ এএম, ০২ নভেম্বর ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের কুচপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে দেশীয় অস্ত্র, ককটেল, জিহাদি বই ও পতাকাসহ পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, বগুড়া সদরের কাউসিল পাড়া এলাকার আব্দুল কাসেমের ছেলে প্রকৌশলী মো. তানভীরুল হক সজল (২৩), কিশোরগঞ্জের বাজিতপুর থানার সাতুটা এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. হারুন মিয়া (৩৭), একই এলাকার মো. জঙ্গু মিয়ার ছেলে মো. হোসেন (২৯), রমজান আলীর ছেলে দ্বীন ইসলাম (৩৫) এবং আব্দুল হেকিমের ছেলে মো. আব্দুল হান্নান (৩৫)।

বুধবার সকালে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জানান।

ব্রিফিংকালে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গাজীপুর সিটির জয়দেবপুর থানাধীন বনগ্রাম কুচপাড়া শালবনে ১০-১৫ জন সন্ত্রাসী ও জঙ্গি সদস্যরা ত্রাস সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য সভা করছে এমন খবর পেয়ে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে গাজীপুর জেলা পুলিশের স্পেশাল টাস্ক গ্রুপের সদস্য সেখানে অভিযান চালায়। পরে ওই জঙ্গিদের গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৬টি ককটেল, ৫টি পেট্রলবোমা, ১টি চাপাতি, ২টি ছোরা, বেশ কিছু জেহাদি বই ও ২টি পতাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারদের মধ্যে তানভীরুল হক একজন ইলেক্ট্রনিক প্রকৌশলী বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।