মোংলায় বেড়েছে হামের প্রকোপ
দেশে হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। মোংলায় হঠাৎ এ রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে এ অঞ্চলে ১৭ জন হামের রোগী শনাক্ত হয়েছে। সম্ভাব্য শনাক্ত হওয়া এ সব রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামে আক্রান্ত এসব শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে।
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। আর ৩ জন হাসপাতালে ভর্তি হন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। আর দুইজন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, জ্বর, কাশি, সর্দি ও চাকা উঠার মতো উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে আসছেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি শরীরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
তিনি বলেন, সচেতনতাই পারে হামের ঝুঁকি কমাতে। জ্বর ও চাকা উঠার সঙ্গে সঙ্গে হাসপাতালে আসতে হবে। আক্রান্ত রোগীদের বেশি বেশি তরল খাবার খাওয়াতে হবে। রোগীদের ছায়া ও ঠান্ডা জায়গায় রাখতে হবে। যাদের বয়স ২ বছর হয়ে গেছে তাদেরকে হাসপাতালসহ পাশের কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নেওয়ার অনুরোধ করেছি।
আবু হোসাইন সুমন/এনএইচআর/এএসএম