মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানজুড়ে শিশুসহ নিহত অন্তত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৬ এপ্রিল ২০২৬
ছবি: এএফপি (ফাইল)

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানজুড়ে শিশুসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছে। তেহরানের বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় লক্ষ্যবস্তুর মধ্যে তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি গ্যাস স্টেশনও ছিল।

হামলার পর পাওয়া ছবিতে তেহরানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিলে, অন্যথায় বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেওয়া হবে বলে জানান। এর জবাবে ইরান পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে।

রোববার ট্রুথ সোশ্যালের এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানে সবকিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে।

তিনি ফক্স নিউজকে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তিনি বিশ্বাস করেন সোমবারের মধ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব। তবে ইরান বারবার জোর দিয়ে বলেছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি।

অপরদিকে ইসরায়েলের হাইফায় একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত দুজন নিহত এবং চারজন আহত হন। আরও দুজন নিখোঁজ রয়েছেন। উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের হামলা অব্যাহত রয়েছে। কুয়েতে বিদ্যুৎ, পানি পরিশোধন ও তেলকেন্দ্রে এবং বাহরাইনে একটি তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।