১৫ নভেম্বরের মধ্যে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি


প্রকাশিত: ০৯:৩০ এএম, ০৭ নভেম্বর ২০১৬

আগামী ১৫ নভেম্বরের মধ্যে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতারা। তারা বলেছেন, রাষ্ট্রপতির সুপারিশ ও প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার পরও সংবাদপত্রশিল্পের সাংবাদিক ও কর্মচারীদের জন্যে নতুন ওয়েজবোর্ড ঘোষণা না হওয়াটা রহস্যজনক। ১৫ নভেম্বরের মধ্যে নতুন ওয়েজবোর্ড ঘোষণা না হলে ১৬ নভেম্বর থেকে সারা দেশে সব সাংবাদিক ইউনিয়ন বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে কক্সবাজারে সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন বিএফইউজে নেতারা।

সৈকতের সি-ইন পয়েন্টে সোমবার বেলা ১১টা থেকে দেড়ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, যশোর, ময়মনসিংহ, দিনাজপুরসহ সারা দেশের সাংবাদিক নেতারা অংশ নেন।  

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব ওমর ফারুক।

মানববন্ধনে বক্তব্য দেন- বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, মনতোষ বসু ও প্রদীপ শঙ্কর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি জাহিদ হোসেন, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল, কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ ও নওশের আলী খান, সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কক্সবাজারের সাধারণ সম্পাদক জাগেদ সরওয়ার সোহেল প্রমুখ।

নেতৃবৃন্দ নাসিরনগরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীরা কোন দলের বা কোন ধর্মের তা বিবেচনায় না এনে অপরাধী হিসেবে বিবেচনায় নিয়ে অনতিবিলম্বে ন্যক্কারজনক এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এর আগে রোববার রাতে কক্সবাজারের হোটেল কক্স টুডের সম্মেলন কক্ষে বিএফইউজের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সায়ীদ আলমগীর./আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।