কুমিল্লায় মাদকদ্রব্যসহ ৫ কোটি টাকার মালামাল জব্দ
কুমিল্লায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ প্রায় ৫ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি।
সোমবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও মালামাল জব্দ করা হয়। বিকেলে এসব মালামাল কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কাস্টমস অফিসে জমা দেয়া হয়।
বিজিবি সূত্র জানায়, সোমবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি-১০) একাধিক দল জেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকাসহ ভারত সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ভারতীয় মাদক, নেশা ও যৌন উত্তেজক ট্যাবলেট, গাড়ির যন্ত্রাংশ, কসমেটিক্স সামগ্রী, চিনি, থ্রিপিস, চাদর ও বিপুল পরিমাণ শাড়ি জব্দ করা হয়। তবে এ অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
১০-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, আটক মাদকদ্রব্য ও মালামালের মূল্য ৪ কোটি ৯০ লাখ ২৬ হাজার ২৭৫ টাকা। বিকেলে মাদকদ্রব্যগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি